ওপেনএআইয়ের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছে লেখকদের সংগঠন দ্য রাইটার্স গিল্ড
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতে মামলা করেছেন গেইম অফ থ্রোনসের লেখক জর্জ আর আর মার্টিন। মামালায় জর্জ আরআর মার্টিনসহ আরও কয়েকজন লেখকের দাবি, চ্যাটজিপিটি সিস্টেমকে প্রশিক্ষণ দিতে গিয়ে তাদের গ্রন্থস্বত্ব লঙ্ঘন করা হয়েছে। লেখকদের পক্ষে মামলাটি করেছে লেখকদের সংগঠন দ্য রাইটার্স গিল্ড।
অন্য লেখকরা হলেন লেখক জন গ্রিশাম, জনাথন ফ্রানজেন, জোডি পিকো এবং জর্জ সন্ডার্স।
লেখকদের অভিযোগ, “ওপেনএআই সুকৌশলে বড় আকারের চুরি করেছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটির বুদ্ধিমত্তা বাড়াতে লেখকের অনুমতি ছাড়াই তাদের বই ব্যবহার করেছে কোম্পানিটি।”
অন্যদিকে ওপেনএআই বলেছে তারা লেখকদের অধিকারকে সম্মান করে, এবং বিশ্বাস করে “প্রযুক্তিটি থেকে লেখকদের উপকৃত হওয়া উচিৎ।”
ওপেনএআইয়ের একজন মুখপাত্র বলেছেন তারা বিশ্বব্যাপী সৃজনশীল মানুষদের সঙ্গে “গঠনমূলক আলোচনা” চালিয়ে যাচ্ছেন, এবং আশাবাদী যে “যৌথভাবে লাভবান হয়ে এক সঙ্গে কাজ করে যেতে” পারবেন।
প্রসঙ্গত, মার্টিনের ফ্যান্টাসি সিরিজ ‘এ সং অফ আইস অ্যান্ড ফায়ার’কে উপজীব্য করে গেইম অফ থ্রোনস টিভি সিরিজটি নির্মাণ করে এইচবিও। টেক্সট প্রম্পটের উপর ভিত্তি করে মিডিয়া সৃষ্টি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা- তথাকথিত জেনারেটিভ এআইয়ের নির্মাতাদের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও অনেকেই করেছেন; তারই সর্বশেষ সংযোজন হলো 'গেম অব থ্রোনস'-এর লেখকদের এই মামলা।
গত জুলাইয়ে কমেডিয়ান সারাহ সিলভারম্যানও এক ধরনের আইনি পদক্ষেপ নিয়েছিলেন এবং একই মাসে লেখক মার্গারেট অ্যাটউড ও ফিলিপ পুলম্যানের স্বাক্ষর করা একটি খোলা চিঠিতে এআই কোম্পানিগুলোকে লেখকদের বই তাদের নিজস্ব কাজের লাগানোয় ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল।







